
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এবার নিয়ে মোট ১৭তম বারের মতো এ তারিখ পরিবর্তন হলো।
রোববার (২৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত সময়ে তা দাখিল করতে না পারায় নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী ১৫ জুলাই।
ঘটনাটি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর প্রথমে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা হয়, যা পরে তার মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত করা হয়। প্রাথমিক তদন্ত শেষে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলেও বাদীর নারাজির পর আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।
প্রতিবেদকের নাম 




















