কুমিল্লা রেলওয়ে স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তাঁর নাতনি জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জোৎস্না বেগমের ভাতিজি জোহরা আক্তার জানান, ডাক্তার দেখানোর জন্য নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে কুমিল্লায় এসেছিলেন তাঁর ফুফু। চিকিৎসকের কাছে দেখানো শেষে বাসস্টেশনে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন অতিক্রম করছিল। এ সময় দুইজন রেললাইন পার হওয়ার চেষ্টা করলে মুহূর্তের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 



















