গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।’
শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, শান্তিপ্রিয় মানুষদের অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এ ধরনের মানুষের সংখ্যা খুব বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আপনারাই যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? মানুষ আইন মেনে না চললে আর পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন।’
পুলিশের সীমিত জনবলের বিষয়টি তুলে ধরে আইজিপি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশ সদস্য থাকতে পারেন মাত্র ২০ জন। স্থানীয় মানুষের সমর্থন ও সহযোগিতা ছাড়া এই ২০ জনের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, কেউ যদি মনে করেন এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাঁদেরই নিতে হবে।
আইজিপি বলেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। অতীতেও অনেক ধারাবাহিক কর্মসূচি হয়েছে এবং সেসবের পরিণতি মানুষ দেখেছে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁদের যেন কঠোর অবস্থানে যেতে না হয়।
প্রতিবেদকের নাম 





















