গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় দুই ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগে থেকেই এক ব্যাটালিয়ন বিজিবি দায়িত্ব পালন করছিল। এর সঙ্গে নতুন করে আরও এক ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগে থেকে মোতায়েন থাকা এক ব্যাটালিয়ন বা ২৭ থেকে ২৯ প্লাটুন বিজিবির পাশাপাশি অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫৫ প্লাটুনে। এ ছাড়া নতুন করে ৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করায় মোট আনসার সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ প্লাটুনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে কাজ করছেন।
এদিকে জেলা শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই রিকশা, ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। খুলেছে দোকানপাট। বাজারগুলোতেও সাধারণ মানুষের ভিড় বেড়েছে।
ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার (২২ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রতিবেদকের নাম 

























