ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। এতে অফিসের আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।
স্থানীয়দের ভাষ্য, রাত আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় ঘটনাস্থলে অবস্থান করে চলে যায়। পরে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এ ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করছেন স্থানীয় বিএনপি নেতারা। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক জনপ্রতিনিধির উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে এ অগ্নিসংযোগ ঘটিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে এবং তারা এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা এ অগ্নিসংযোগ ঘটিয়েছে বলে তাঁরা মনে করছেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশা করছেন তিনি।
হাসিলবাগ গ্রামের যুবদল নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী তুহিন খান বলেন, রাতে কে বা কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। এতে চেয়ার, টেবিল, ফ্যানসহ অফিসের সবকিছু পুড়ে গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই দীপঙ্কর মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রতিবেদকের নাম 























