মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে জেলায় শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতাও বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার ভোরে কুয়াশায় ঢেকে যায় প্রকৃতি। এতে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে ওঠে।
শীতের শুরুতেই এর প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষকে সকাল ও রাতে ঠান্ডার মুখোমুখি হতে হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
প্রতিবেদকের নাম 

























