বরিশাল নগরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় এবং সরকারি বিএম কলেজের সামনে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে একদল দুর্বৃত্ত নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের নৈশপ্রহরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।
ভবনটির নিচতলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়।
একই সময়ে নগরের সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৭ থেকে ৮ জনের একটি দল। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারাও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম বলেন, আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 
























