দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার (২ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজীর আহমেদকে প্রত্যাবাসনের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ ও প্রয়োজনীয় নথি আদান-প্রদান চলছে।
প্রতিমন্ত্রী জানান, আমিরাত কর্তৃপক্ষ যে তথ্য ও কাগজপত্র চেয়েছিল, তা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে পাঠানো হয়েছে। বর্তমানে দেশটির আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক সমন্বয় করছে।
শামা ওবায়েদ বলেন, সব ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সরকার আশাবাদী। দেশে ফিরিয়ে আনার পর প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 



















