চুয়াডাঙ্গার জীবননগরে যথাযথ লাইসেন্স ছাড়াই এবং ভুয়া তথ্য ব্যবহার করে নকল হারপিকসহ বিভিন্ন টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার পিয়ারাতলা (মনোহরপুর) এলাকায় অভিযান চালিয়ে হেনা কনজুমার প্রোডাক্টস নামে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানটির মালিক মাসুদ রানাকে এ জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে নকল হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, টায়ার জেলসহ বিভিন্ন টয়লেট্রিজ পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র দ্রুত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি রফিকুল ইসলাম এবং র্যাবের একটি দল সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নকল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 




















