মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে আরও ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখা এবং অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৯০ দিনের জ্বালানি মজুত সক্ষমতা নিশ্চিত করতে মোট ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন ডিজেল (গ্যাস অয়েল) এবং ৯০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল আমদানি করা হবে।
এই জ্বালানি সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। পুরো আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই তেল কিনছে। সম্প্রতি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, দেশের চাহিদা অনুযায়ী সরকার সাধারণত প্রতি ছয় মাস পরপর ডিজেল ও জেট ফুয়েল আমদানি করে থাকে। জুন, জুলাই ও আগস্ট মাসের চাহিদা বিবেচনায় বিপিসির পাঠানো প্রস্তাব অনুমোদনের পর এখন সরবরাহ প্রক্রিয়া শুরু হবে।
তিনি জানান, প্রশাসনিক ছাড়পত্র ইতোমধ্যে বিপিসির কাছে পাঠানো হয়েছে। পরবর্তী ধাপে সরবরাহকারী প্রতিষ্ঠানকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (NOA) দেওয়া হবে এবং এরপর জ্বালানি তেল সরবরাহ শুরু হবে।
বিপিসির কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা সংকট, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগাম মজুত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মো. মিজানুর রহমান জানান, গত ১০ জুন আন্তর্জাতিক দরপত্র অনুমোদনের পর ১৭ জুন অনুমোদনের চিঠি পাওয়া যায়। ইতোমধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠানকে NOA দেওয়া হয়েছে। চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলেই দ্রুত তেল সরবরাহ শুরু হবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য যেকোনো পরিস্থিতিতে দেশে ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করা। বর্তমানে প্রায় ৬০ দিনের মজুত রয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে তেল আমদানি অব্যাহত থাকবে।
আমদানি ব্যয় ও ডলারের হিসাব
বিপিসির প্রস্তাব অনুযায়ী, জুন থেকে আগস্ট সময়ের জন্য এই আমদানিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ২৫ লাখ ২৮ হাজার ৬৫৬ মার্কিন ডলার। সোনালী ব্যাংকের ১৩ মে নির্ধারিত প্রতি ডলার ১২৩.২৫ টাকা বিনিময় হার অনুযায়ী এর মূল্য প্রায় ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও ডলারের বিনিময় হার পরিবর্তনের কারণে প্রকৃত ব্যয় কিছুটা কম বা বেশি হতে পারে।
বৈশ্বিক অস্থিরতায় বেড়েছে ব্যয়
বিপিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে মধ্যপ্রাচ্যের নতুন সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে দীর্ঘ বিকল্প পথে চলতে হচ্ছে, ফলে পরিবহন ব্যয়, বিমা প্রিমিয়াম ও জাহাজ ভাড়া বেড়েছে।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও জটিল। ২০২৬ সালের ২ এপ্রিল ডিজেলের দাম প্রতি ব্যারেলে ২৮৪.৯৫ মার্কিন ডলারে পৌঁছায়, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সর্বোচ্চ।
দেশে জ্বালানির সংকট নেই
জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। প্রায় ৬০ দিনের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ডলার সংকটের মধ্যেও এলসি খোলায় অগ্রাধিকার দেওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।
এ বিষয়ে যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, “দেশে জ্বালানি তেলের সরবরাহ চেইনে কোনো ধরনের বাধা বা সংকটের আশঙ্কা নেই।”
এছাড়া বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানির মূল্য নির্ধারণে স্বয়ংক্রিয় ফর্মুলা বাস্তবায়নের কাজ চলছে। পাশাপাশি ভবিষ্যতের জরুরি পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি মজুত সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগও অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 























