ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) বড় ধরনের চমক দেখিয়েছে। বিশ্লেষণী পোর্টাল পিভেলুর তথ্য অনুযায়ী, দলটি ১৪৫টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে।
২৩ এপ্রিল অনুষ্ঠিত ২৩৪ আসনের এই নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। অন্যদিকে এনডিটিভির পৃথক বিশ্লেষণে টিভিকেকে ১০৫টি আসনে এগিয়ে থাকতে দেখা গেছে।
এ বছরই প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকে।
যদিও দলটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদে কোনো আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হয়নি, তবুও রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে—সংখ্যাগরিষ্ঠতা পেলে রাজ্যের নেতৃত্বে থালাপতি বিজয়ের নামই সামনে আসতে পারে।
বিজয়, যার আসল নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন। তিনি তখন বলেছিলেন, এটি তার জন্য কোনো শখ নয়, বরং জনগণের সেবা করার একটি দীর্ঘমেয়াদি দায়িত্ব।
অভিনয়জীবনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রথম নির্বাচনেই টিভিকে তামিলনাড়ুর প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 





















