প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছেন।
শনিবার (৮ আগস্ট) বিকেলে নাটোরের লালপুর উপজেলার দাইয়েরপাড়া ও চাঁদপুর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে হবে। শুধু প্রাইভেট পড়ার ওপর নির্ভরশীলতা কমিয়ে শিশুদের খেলাধুলার সুযোগ করে দেওয়ার ওপরও গুরুত্ব দিতে হবে। এমপিওভুক্ত শিক্ষকদের শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শিশুদের মানসিক বিকাশ ও খেলাধুলার সুযোগ বাড়ানোর বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিশুদের সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে ফারজানা শারমিন পুতুল বলেন, এর পাইলট কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী অক্টোবর-নভেম্বর থেকে সারাদেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তথ্য সংগ্রহকারী নিয়োগের পর উপকারভোগীদের আলাদাভাবে আবেদন করতে হবে না; ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে।
গত ১৭ বছরে দেশের অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট হয়নি দাবি করে তিনি বলেন, বিশেষ করে এ অঞ্চলের রাস্তাঘাট নির্মাণে ঘাটতি রয়েছে। বর্তমান সরকারকে হাজার হাজার কিলোমিটার সড়ক নির্মাণ করতে হবে। প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় গুরুত্বপূর্ণ সড়কগুলোর কাজ দ্রুত শুরু করা হবে বলেও জানান তিনি।
নাটোর প্রতিনিধি 




















