দেশের নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদীদূষণ ও দখল রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নৌপরিবহন মন্ত্রণালয়সহ নদী-সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিত প্রকল্পের আওতায় এনে নদী রক্ষায় কার্যক্রম পরিচালনা করা হবে। নদীর দূষণ ও অবৈধ দখল ঠেকাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে।
আব্দুস সালাম বলেন, “নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, মানুষও নিরাপদ থাকবে। নদী ধ্বংস হলে তার প্রভাব পড়বে জনজীবন, অর্থনীতি ও জীববৈচিত্র্যের ওপর।”
তিনি আরও জানান, যেসব শিল্পকারখানার বর্জ্যে নদী দূষিত হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশবিধি লঙ্ঘনকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বুড়িগঙ্গাসহ দেশের বিভিন্ন নদীর পানি ও পরিবেশগত মান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দূষণ নিয়ন্ত্রণ, অবৈধ দখল উচ্ছেদ এবং টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
প্রতিবেদকের নাম 



















