চলতি বছরের জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এমন তথ্য উঠে এসেছে রোড সেফটি ফাউন্ডেশনের সর্বশেষ প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১৩৮ জন মোটরসাইকেল চালক ও আরোহী, যা মোট মৃত্যুর ৩৩ দশমিক ১৭ শতাংশ। এছাড়া নিহতদের মধ্যে ৫৭ জন নারী, ৪৮ জন শিশু, ১০৬ জন পথচারী এবং ৫১ জন যানবাহনের চালক ও সহকারী রয়েছেন।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩৩টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে সড়ক দুর্ঘটনার পাশাপাশি ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন এবং ২৯টি রেলপথ-সংক্রান্ত দুর্ঘটনায় ২৪ জন প্রাণ হারিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের মতে, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, ঝুঁকিপূর্ণ সড়ক অবকাঠামো এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।
সংগঠনটি নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ যানবাহন দ্রুত প্রত্যাহার, দক্ষ চালক তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং যানবাহনে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে।
প্রতিবেদকের নাম 



















