
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ র্যালিতে অংশ নেওয়ার কয়েক মিনিট আগে তাঁকে নিজ বাসা থেকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
### কর্মসূচি বন্ধের নির্দেশ পুলিশের
এর আগে শুক্রবার দুপুরে জাতীয় পতাকা নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ আয়োজন না করার নির্দেশ দিতে অভিজিৎ দিপকের নয়াদিল্লির বাসায় যায় দিল্লি পুলিশের একটি দল।
সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, পুরুষ ও নারী পুলিশ সদস্যদের একটি দল তাঁর বাসায় প্রবেশ করেছেন। একটি ছবিতে বসার ঘরে দিপকের বিপরীতে সোফায় বসে থাকা এক পুলিশ সদস্যের হাতে কিছু কাগজপত্র দেখা যায়।
### সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের পরিকল্পনা
*দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের* প্রতিবেদনে বলা হয়, দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালায় অবস্থিত বাসাটিতে গিয়ে পুলিশ দিপকেকে একটি নোটিশ দেয়। ওই বাসাটি মহারাষ্ট্রের এনসিপি (শারদ পাওয়ার) দলের নেতা ও মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নোটিশে শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি বাতিল করার কথা বলা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, কনট প্লেস এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি ছিল। এ অবস্থায় আইন মেনে চলা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
### নোটিশ পেয়েও কর্মসূচি বাতিলে রাজি হননি
প্রতিবেদন অনুযায়ী, অভিজিৎ দিপকে পুলিশের নোটিশ দেখলেও কর্মসূচি বাতিল করতে রাজি হননি। সে সময় পুলিশ জানিয়েছিল, নোটিশ দিয়ে তারা চলে এসেছে।
পরে সিজেপির পক্ষ থেকে পুলিশ ও দিপকের কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করা হয়। এনডিটিভিও এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর পরপরই তাঁকে আটকের খবর সামনে আসে।
প্রতিবেদকের নাম 




















