ইয়াদিরা সাবাতা যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসকারী একজন জন্মান্ধ নওমুসলিম নারী। ২০০৪ সালে ইসলাম গ্রহণের পর ধর্ম সম্পর্কে জানার আগ্রহ বাড়লেও দৃষ্টিহীনতার কারণে বই পড়ে জ্ঞান অর্জনের সুযোগ থেকে তিনি বঞ্চিত হচ্ছিলেন। নিজের অভিজ্ঞতা থেকেই দৃষ্টিহীন মুসলিমদের জন্য কিছু করার উদ্যোগ নেন তিনি।
২০১৬ সালে স্বামী নাদিরকে সঙ্গে নিয়ে ইয়াদিরা প্রতিষ্ঠা করেন ‘ইসলাম বাই টাচ’। সংগঠনটির লক্ষ্য হলো দৃষ্টিহীন মানুষের জন্য ব্রেইল পদ্ধতিতে কোরআন, কোরআনের অনুবাদ এবং ইসলামের বিভিন্ন বিষয়ভিত্তিক বই সরবরাহ করা। সংগঠনটি উত্তর আমেরিকায় দৃষ্টিহীনদের জন্য ব্রেইল পদ্ধতিতে ইসলাম শেখানোর উদ্যোগ নেওয়া প্রথম সংগঠন হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব ব্রেইলি কোরআন সার্ভিসের (আইবিকিউএস) সদস্য।
ইয়াদিরা জানান, তিনি ক্যাথলিক পরিবারে বেড়ে উঠেছেন। ইসলাম গ্রহণের পর স্বামী, সন্তান ও শ্বশুরবাড়ির পরিবারের ভালোবাসাকে নিজের জীবনের বড় আশীর্বাদ হিসেবে দেখেন। তবে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের ক্ষেত্রে নিজের দৃষ্টিহীনতাকে বড় সীমাবদ্ধতা হিসেবে অনুভব করেন।
তার ভাষ্য অনুযায়ী, কোরআনের ইংরেজি অনুবাদ, নবীদের জীবন ও ইতিহাস, হাদিসসহ ইসলামের বিভিন্ন বিষয়ে বই পড়ার আগ্রহ থাকলেও তাকে বেশির ভাগ সময় অডিও রেকর্ডিং শোনার পরামর্শ দেওয়া হতো। সহমর্মী মুসলিমরা সহযোগিতা করলেও দৃষ্টিহীন মুসলিমদের জন্য ব্রেইলভিত্তিক ইসলামী সাহিত্য প্রয়োজনীয়তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি বলে মনে করেন তিনি।
ইয়াদিরার মতে, পড়তে পারার ক্ষমতা মানুষকে নিজের অভিজ্ঞতার বাইরের জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়। বই নিজে পড়ার মাধ্যমে পাঠক কোনো বিষয় নিয়ে নিজের মতো করে চিন্তা ও উপলব্ধি করার সুযোগ পান। অডিওর মাধ্যমে জ্ঞান অর্জন গুরুত্বপূর্ণ হলেও নিজে পড়ার অভিজ্ঞতা আলাদা বলে মনে করেন তিনি।
দৃষ্টিহীন মুসলিমদের ব্রেইল পদ্ধতিতে ইসলামী সাহিত্য পড়ার সুযোগ তৈরি হলে তারাও দৃষ্টিসম্পন্ন মুসলিমদের মতো স্বাধীনভাবে জ্ঞান অর্জন করতে পারবেন বলে মনে করেন ইয়াদিরা। এর মাধ্যমে ইসলামের শিক্ষা সম্পর্কে তাদের জানার সুযোগ বাড়ার পাশাপাশি মুসলিম সমাজে আরও অর্থবহ ভূমিকা রাখার পথও তৈরি হবে।
ইয়াদিরা ও তার স্বামীর লক্ষ্য হলো, ইসলামী গ্রন্থকে আরও সহজলভ্য করে দৃষ্টিহীন মুসলিমদের ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা এবং মুসলিম সমাজে তাদের মর্যাদাপূর্ণ অংশগ্রহণের পথ সুগম করা।
প্রতিবেদকের নাম 























