
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসরে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগের পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইতালিতে পাওয়া নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন বাঁধন। একই সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও দেন কড়া বার্তা।
আওয়ামী লীগকে ‘বড় দল’ উল্লেখ করে দলটির নেতাদের উদ্দেশে বাঁধন বলেন, সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ হলেও ভবিষ্যতে দলটি আবার রাজনীতিতে ফিরতে পারে। তাই এমন কোনো রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যার কারণে ভবিষ্যতে দলটিকে লজ্জিত হতে হয়।
বাঁধন বলেন, ‘যারা বড় বড় লিডার আছেন, তাদের কাছে একটাই অনুরোধ করব। আপনারা একটা বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে; কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা কী ধরনের রাজনীতি করবেন, সেটার কিন্তু একটা রূপরেখা আপনারা তৈরি করেছেন। আপনারা এমন রূপরেখা তৈরি করবেন না, যেটার জন্য আপনাদের ভবিষ্যতে লজ্জিত হতে হবে।’
এর আগে গত সপ্তাহে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি যান বাঁধন।
সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের প্রেমিও বিসাতো দ’ওরো পুরস্কার অর্জন করেছে।
৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন।
তার ভাষ্য অনুযায়ী, তাকে পানি, কোমলপানীয় ও ডিম ছুড়ে মারা হয়। পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তার হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়ার অভিযোগও করেন তিনি। এ সময় তার ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও সঙ্গে ছিলেন।
ঘটনার পর দেশের অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী বাঁধনের পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনায় প্রতিবাদ ও তার প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন বার্তা প্রকাশ করা হয়।
প্রতিবেদকের নাম 



















