বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ বলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন আবু হানিফ।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে ফজলুর রহমান এখন সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করেন। ফজলুর রহমান একসময় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করেছেন উল্লেখ করে আবু হানিফ লেখেন, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ, অলওয়েজ আওয়ামী লীগ’।
রুমিন ফারহানার বিষয়ে আবু হানিফ বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন। তবে সংসদে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। আবু হানিফের দাবি, অভিমান থেকে বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে রুমিন ফারহানা যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে থানা পোড়ানো, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা কোনো প্রতিবাদ করেননি বলেও অভিযোগ করেন আবু হানিফ।
পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, সংসদ সদস্য ফজলুর রহমান ও রুমিন ফারহানার বক্তব্য ও কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তাঁরা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।
প্রতিবেদকের নাম 






















