২০২৬ ফিফা বিশ্বকাপজুড়ে রেফারিং নিয়ে বিতর্কের মধ্যেই ফাইনালের আগে সতর্কবার্তা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ম্যাচ পরিচালনায় কোনো ধরনের শৈথিল্য বা নিয়মের ব্যত্যয় গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, “রেফারি মাঠে কোনো ধরনের শৈথিল্য দেখাতে পারেন না। নিয়মের বাইরে কাউকে কোনো সুবিধা দেওয়া উচিত নয়। ফুটবলের বৈধ সীমারেখা অবশ্যই বজায় রাখতে হবে।”
তবে একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত রেফারি স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিকের প্রতি আস্থার কথাও জানান স্পেন কোচ।
তার ভাষায়, “রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তবে তার চেয়েও বেশি বিশ্বাস আছে আমার দলের ওপর। আমরা জানি, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কীভাবে খেলতে হয়।”
বিশ্বকাপ ফাইনালকে দুই সেরা দলের লড়াই উল্লেখ করে দে লা ফুয়েন্তে বলেন, দুই দলের খেলোয়াড়দের প্রতিভা ও সামর্থ্য কাছাকাছি হওয়ায় দর্শকরা আক্রমণাত্মক ও উপভোগ্য একটি ম্যাচ দেখতে পারবেন।
তিনি আরও বলেন, “এটি অসাধারণ একটি ফুটবল ম্যাচ হতে যাচ্ছে। আমরা আশা করি, রেফারি দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করবেন এবং বিশ্বকাপ ফাইনালের মর্যাদা অক্ষুণ্ন রাখবেন।”
প্রতিবেদকের নাম 










