রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহর সম্প্রসারণে বড় উদ্যোগ নিয়েছে। পরিচালন সক্ষমতা বাড়ানো এবং নতুন আন্তর্জাতিক রুট চালুর লক্ষ্যে আগামী বছরের মধ্যে সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ লিজে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় নির্মাতা এয়ারবাস থেকে আরও ১০টি নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়াও এগিয়ে চলছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সূত্র জানায়, বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে তিনটি সাময়িকভাবে গ্রাউন্ডেড থাকায় ফ্লাইট পরিচালনায় চাপ সৃষ্টি হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নতুন ১০টি উড়োজাহাজ যুক্ত হলে বহরের সংখ্যা বেড়ে ২৯টিতে পৌঁছাবে, যা বর্তমানের তুলনায় প্রায় ৫৩ শতাংশ বেশি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বোয়িং ও এয়ারবাসের বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে নতুন উড়োজাহাজ ২০৩০ সালের আগে হাতে পাওয়ার সম্ভাবনা কম। তাই তাৎক্ষণিক চাহিদা পূরণ এবং নতুন গন্তব্যে ফ্লাইট চালুর প্রস্তুতি হিসেবে লিজে উড়োজাহাজ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, শুরুতে চারটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা থাকলেও পরিচালন চাহিদা বিবেচনায় এ সংখ্যা সর্বোচ্চ ১০টিতে উন্নীত করা হতে পারে। চলতি বছরের মধ্যেই লিজ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।
লিজ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় ৪০টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। যাচাই-বাছাই শেষে একটি প্রতিষ্ঠান পুরো প্রক্রিয়া তদারক করবে।
এদিকে, ছয় বছরের জন্য ড্রাই লিজে তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সংগ্রহের লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্রও আহ্বান করেছে বিমান। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে উড়োজাহাজগুলো বহরে যুক্ত হবে।
এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলারে ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। এসব উড়োজাহাজ ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।
অন্যদিকে, এয়ারবাস বাংলাদেশকে ছয়টি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং চারটি এ৩২১ নিও ন্যারোবডি উড়োজাহাজ সরবরাহের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে গত ১৫ জুলাই বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়ন ও কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন। সেখানে সম্ভাব্য সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রতিবেদকের নাম 




















