বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়। বর্তমানে চলছে ভোট গণনা।
নির্বাচনকে কেন্দ্র করে স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ চলাকালে প্রার্থী, কাউন্সিলর ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুরো এলাকা ছিল সরব।
সকাল থেকেই বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং বোর্ড পরিচালনা পর্ষদের প্রার্থীরা মিরপুরে আসতে শুরু করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-২-এ। এখানে ১২টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটাগরিতেই অংশ নিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বেশ কয়েকজন আলোচিত প্রার্থী।
এর আগে ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-৩ থেকে ৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৭ জন আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং একজন সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি।
এদিকে নির্বাচনে ৪১ জন ভোটার ই-ভোটের মাধ্যমে তাদের ভোট প্রদান করেছেন। তাদের মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরির ৩ জন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন ভোটার রয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সন্ধ্যা ৬টায় পরিচালক পদের ফলাফল ঘোষণা করা হবে। এরপর রাত ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।
প্রতিবেদকের নাম 


























