
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টি নিশ্চিত করেন।
আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ। তিনি সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে।
বিজিবির অধিনায়ক কাজী আল-আমিন অপু জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী সুলতানা বেগমকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে সুলতানা নিজেকে জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ বলে পরিচয় দিয়েছেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বিজিবি জানতে পেরেছে, সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নাশকতার একটি মামলা রয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিজিবি আটক এক যুব মহিলা লীগ নেত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।
প্রতিবেদকের নাম 






















