
ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরে ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছে পরাজয়ের পর দেশে ফিরতে হচ্ছে টাইগারদের। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে দলের ব্যাটিং ব্যর্থতাকে হারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।
হৃদয় বলেন, দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটাররা বাজে ব্যাটিং করেছেন। ব্যাটিং ইউনিটের সম্মিলিত ব্যর্থতার কারণে পুরো দলকে ভুগতে হয়েছে।
দলের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করলেও পাইপলাইনে পর্যাপ্ত খেলোয়াড় রয়েছে বলে মনে করেন তিনি। হৃদয়ের মতে, দেশের মাটিতে বাংলাদেশ বেশ কয়েকটি সিরিজ ভালোভাবে জিতলেও বিদেশের কন্ডিশনে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না দল। বাইরের পরিবেশে ভালো করতে ব্যাটিং ইউনিটের কয়েকটি জায়গায় উন্নতি প্রয়োজন।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতে পরাজিত হয়েছে টাইগাররা। তবে এসব ফলাফল দিয়ে দলের সামগ্রিক অবস্থার মূল্যায়ন করতে চান না হৃদয়।
তিনি বলেন, এই দল নিয়েই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়েছে বাংলাদেশ। এসব ম্যাচ দেশের মাটিতে হলেও এক-দুই ম্যাচের ফল দিয়ে পুরো দলকে বিচার করা ঠিক হবে না বলে মনে করেন তিনি।
হৃদয়ের ভাষ্য, দলের মূল সমস্যা দক্ষতার চেয়ে মানসিকতায়। পেশাদার ক্রিকেটার হিসেবে বিদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি। অ্যাওয়ে ম্যাচে ধারাবাহিকভাবে ভালো করতে না পারার বিষয়টি নিয়ে কাজ করতে হবে বলেও জানান বাংলাদেশের এই ডানহাতি ব্যাটার।
প্রতিবেদকের নাম 





















