চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। এ সময় সহকারী পরিচালক রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
অধিদপ্তর জানায়, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে বনফুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় এআর ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে মেসার্স মনোয়ারা করপোরেশন ও অনন্যা ট্রেড সেন্টারকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে গোলাপজল তৈরি, খাদ্যে ব্যবহারের অনুপযোগী ক্ষতিকর রং বিক্রি এবং অননুমোদিত ঘি বিক্রির অভিযোগে সুলতান পাইকারি বাজারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার দায়ে শাহী চট্রলা ওরস বিরিয়ানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে সব মিলিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিবেদকের নাম 




















