ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির তিন পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।
নিহত তিনজন হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি এবং হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে বাঘেরি ও ওকাতি নৌবাহিনীর পাইলট ছিলেন। মাহদাভিয়ান ছিলেন বিমানবাহিনীর পাইলট।
তবে তারা ইরানের কোথায় মার্কিন হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি তেহরান। হামলার সময় তারা যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সেটিও স্পষ্ট করা হয়নি।
আরও ছয় নৌসদস্য নিহত
এই তিন পাইলটের পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন হামলায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছেন।
এ ছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হওয়ার কথা জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
বিয়ের অনুষ্ঠানে হতাহতের অভিযোগ
ইরানি কর্মকর্তারা হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার জন্যও যুক্তরাষ্ট্রের হামলাকে দায়ী করেছেন।
তবে নৌবাহিনীর ওই ছয় সদস্য খুজেস্তানে নিহত সাতজনের মধ্যে অন্তর্ভুক্ত কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, এএফপি
প্রতিবেদকের নাম 





















