সন্তানের অসুস্থতা ও জন্মদিনের কারণে আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। তার অনুপস্থিতির কারণে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন। আগামী ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে।
এদিন অভিযোগ গঠন শুনানির জন্য মামলাটি আদালতের কার্যতালিকায় ছিল। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত তার পক্ষে সময় চেয়ে আবেদন করেন। আবেদনে জানানো হয়, টিকা দেওয়ার পর পরীমণির সন্তান জ্বরে আক্রান্ত হয়েছে। একই সঙ্গে সন্তানের জন্মদিন থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
আদালত শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেন।
মামলায় আসামি আরও দুজন
মাদক মামলাটিতে পরীমণির সঙ্গে আসামি করা হয়েছে তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদারকে।
এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমণিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। পরে ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন পরীমণি। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে মামলাটিতে পুনরায় অভিযোগ গঠন শুনানির উদ্যোগ নেওয়া হয়।
যেভাবে শুরু হয় মামলা
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানের সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের কথা জানানো হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং পরীমণিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। একই বছরের ৩১ আগস্ট মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান তিনি।
পরে ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ স্থানান্তর করা হয়।
প্রতিবেদকের নাম 



















