জামালপুরে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৮) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ছামিউল হক জামালপুর জজ আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে। ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারে করে জামালপুরে ফিরছিলেন তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। ভোরে পেছন দিক থেকে আসা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদকের নাম 

























