ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বিরোধী দলে থাকতেই জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা প্রকাশ্যে একাধিক সাংবাদিকের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা ও লাঞ্ছনা চালিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তাদের ভাষ্য অনুযায়ী, হামলার শিকার হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী, দৈনিক কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ আরও প্রায় ২০ থেকে ২৫ জন সাংবাদিক।
ছাত্রদল নেতারা বলেন, এই ঘটনা প্রমাণ করে—একটি গোষ্ঠী ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে অসহিষ্ণু ও ফ্যাসিবাদী ধারার দিকে ঠেলে দিতে চায়। গণমাধ্যমের কণ্ঠরোধ ও সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই স্বাধীন ও গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়।
দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ছাত্রদল আরও জানায়, তারা সবসময় গণতন্ত্র, মুক্তচিন্তা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো উগ্র ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে।
এছাড়া হামলায় আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
প্রতিবেদকের নাম 


























