
দীর্ঘ দূরত্বের আকাশযাত্রাকে আরও আরামদায়ক, আধুনিক ও বিলাসবহুল করতে উড়োজাহাজের কেবিনে বড় ধরনের পরিবর্তন আনছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এ লক্ষ্যে প্রায় ১৬০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এই বিমান সংস্থা।
নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রথম শ্রেণি থেকে শুরু করে বিজনেস, প্রিমিয়াম ইকোনমি ও সাধারণ ইকোনমি—সব শ্রেণির যাত্রীদের জন্য উন্নত ভ্রমণসেবা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন বাণিজ্যিক বিমানযাত্রায় বিলাসিতার নতুন মানদণ্ড তৈরি করতে পারে।
সম্প্রতি কাতার এয়ারওয়েজকে পেছনে ফেলে মর্যাদাপূর্ণ স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডে আবারও বিশ্বের সেরা এয়ারলাইনসের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। আন্তর্জাতিক বিলাসবহুল বিমানসেবার বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে এবং প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতেই এই বড় বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে গত সেপ্টেম্বরে প্রতিদ্বন্দ্বী এমিরেটস প্রায় ৫০০ কোটি মার্কিন ডলারের কেবিন সংস্কার পরিকল্পনা ঘোষণা করে। লুফথানসা, ইত্তিহাদ ও এয়ার ফ্রান্সের মতো বিমান সংস্থাগুলোও নিজেদের উড়োজাহাজের অভ্যন্তরীণ সাজসজ্জা ও যাত্রীসেবার মান উন্নয়নে বড় বিনিয়োগ করছে।

সিঙ্গাপুর এয়ারলাইনসের নতুন প্রথম শ্রেণির স্যুটগুলোকে বলা হচ্ছে আকাশে ভাসমান ব্যক্তিগত বিলাসবহুল আবাসস্থল। এতে থাকবে ছাদ পর্যন্ত বিস্তৃত গোপনীয়তার দেয়াল, উন্নতমানের সুতি কাপড় এবং প্রিমিয়াম চামড়ার আসন। প্রতিটি আসন সহজেই ৮০ ইঞ্চি লম্বা ও ৩০ ইঞ্চি চওড়া বিছানায় রূপান্তর করা যাবে।
দম্পতিদের জন্য থাকছে আরও আকর্ষণীয় সুবিধা। মাঝখানের বিশেষ দুটি স্যুটের আসন একসঙ্গে যুক্ত করে তৈরি করা যাবে ৮০ ইঞ্চি লম্বা ও ৬০ ইঞ্চি চওড়া বিশাল ডাবল বেড। ফলে প্রায় ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে ঘুমানোর সুযোগ পাবেন। প্রতিটি স্যুটে বিনোদনের জন্য থাকবে ৩২ ইঞ্চির বড় পর্দা।
গত ৬ নভেম্বর সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসে নতুন কেবিনের নমুনা উন্মোচন করা হয়।
শুধু প্রথম শ্রেণি নয়, বিজনেস ক্লাসেও যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি ও বিলাসবহুল সুবিধা। প্রথমবারের মতো এ শ্রেণির আসনে থাকবে স্লাইডিং দরজা, তারহীন ফোন চার্জিং এবং স্মার্ট নিয়ন্ত্রণব্যবস্থা। যাত্রীর পছন্দের আসন ও আলোর সেটিংস সংরক্ষণ করে রাখবে এই প্রযুক্তি।
নতুন আসনগুলোর নান্দনিক নকশা তৈরি করেছে বিএমডব্লিউর সৃজনশীল প্রতিষ্ঠান ‘ডিজাইনওয়ার্কস’। তবে নতুন আসনের রং ও নকশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রসিকতা করে এগুলোর সঙ্গে দাঁতের চিকিৎসকের চেয়ারের তুলনা করেছেন।
অন্যদিকে সাধারণ ইকোনমি শ্রেণির যাত্রীদের জন্যও থাকছে বেশ কিছু পরিবর্তন। দীর্ঘ দূরত্বের ফ্লাইটে যুক্ত হবে ফোরকে রেজ্যুলেশনের টাচস্ক্রিন বিনোদনব্যবস্থা এবং শতাধিক নতুন খাবারের পদ। পাশাপাশি যাত্রীদের হাঁটু ও পায়ের স্বাচ্ছন্দ্যের জন্য বাড়ানো হবে অতিরিক্ত জায়গা।
প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতেও ব্যক্তিগত পরিসর ও আরাম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সাল থেকে প্রায় ১০০টি দীর্ঘ দূরত্বের উড়োজাহাজে নতুন কেবিন সুবিধা চালু করবে সিঙ্গাপুর এয়ারলাইনস। বিশেষ করে নতুন বোয়িং ৭৭৭-৯ এবং সংস্কার করা এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজে এসব আধুনিক সুবিধা পাওয়া যাবে।
সব মিলিয়ে বিশাল বিনিয়োগের এই উদ্যোগের মাধ্যমে আকাশপথে যাত্রীদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সিঙ্গাপুর এয়ারলাইনস।
প্রতিবেদকের নাম 

























