ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভোলার দৌলতখানের উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের মহিষের মালিক ও খামারিরা। নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে বসবাসকারী মানুষের পাশাপাশি গবাদিপশুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতখানের মেঘনা নদীতে জেগে ওঠা ছোট-বড় অন্তত ১৫টি চরে প্রায় ৫০ বছর ধরে ঐতিহ্যগতভাবে মহিষ পালন করা হচ্ছে। চরাঞ্চলের বিস্তীর্ণ ঘাসের মাঠ ও প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব মহিষ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক পরিবারও এ খাতের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। তবে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সংকেত দেখা দিলেই মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় পড়েন খামারিরা।
খামারিদের অভিযোগ, চরাঞ্চলে এখনো সরকারি উদ্যোগে কোনো নিরাপদ, আধুনিক ও টেকসই আশ্রয়কেন্দ্র বা কেল্লা গড়ে ওঠেনি। ফলে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে গবাদিপশু নিয়ে ঝুঁকিতে থাকতে হয় তাঁদের।
ভুক্তভোগীরা জানান, ঝড়, উজানের পানি বৃদ্ধি ও অস্বাভাবিক জোয়ারের কারণে গত পাঁচ থেকে সাত মাসে দৌলতখানের বিভিন্ন চর থেকে চার শতাধিক মহিষ ও অন্যান্য গবাদিপশু ভেসে গেছে। একই সঙ্গে পানিতে ডুবে গেছে খামারিদের গোয়ালঘর, বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র। একদিকে প্রাকৃতিক দুর্যোগে পশু হারানোর আশঙ্কা, অন্যদিকে নদীডাকাতের আতঙ্ক—দুই দিকের উৎকণ্ঠায় দুর্ভোগে দিন কাটছে তাঁদের। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
দৌলতখানের চরাঞ্চলের খামারমালিক ও বিএনপি নেতা জাকির হোসেন বাবুল বলেন, বছরের পর বছর চরাঞ্চলে মহিষের সংখ্যা বাড়লেও সেগুলোর নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজনীয় টেকসই ব্যবস্থা গড়ে ওঠেনি। স্বাধীনতার পর প্রায় ৫০ বছর পেরিয়ে গেলেও মহিষ রক্ষায় পর্যাপ্ত ও টেকসই কেল্লা নির্মাণ করা হয়নি। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় মহিষগুলোকে নিরাপদে রাখতে উঁচু ও মজবুত কেল্লা জরুরি। আশ্রয়কেন্দ্র না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই মহিষগুলো চরে রাখতে হয়।
দৌলতখানের চর মদনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল বলেন, চর বৈরাগী, চর কালি, চর মদনপুর, চর মুন্সি, চর পদ্মা, চর টবগী, চর ফকিরা, চর মধুপুর ও চর কৃষ্ণ থেকে ঝড়, উজানের পানি এবং অস্বাভাবিক জোয়ারে শত শত মহিষ ও গবাদিপশু ভেসে অন্যত্র চলে যায়। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগে আধুনিক ও টেকসই কেল্লা নির্মাণ জরুরি।
ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান বলেন, দৌলতখানের চরাঞ্চলে মহিষের নিরাপদ আশ্রয়স্থল নির্মাণে আধুনিক কেল্লার চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চরাঞ্চলে মহিষের মালিকেরা ক্ষতিগ্রস্ত হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 
























