মায়ের সঙ্গে টিকা দিতে গিয়ে ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চালকের বেপরোয়া গতির কারণে গুরুতর আহত হয়েছে আড়াই মাস বয়সী শিশু ওমর। অটোরিকশার আকস্মিক ব্রেকে মায়ের কোলে থাকা শিশুটির মাথা স্টিলের পাইপে আঘাত লাগে। এতে তার মাথার হাড় ভেঙে মস্তিষ্কে আঘাত লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
ওমর কুমিল্লা নগরের ডুমুরিয়া চানপুর এলাকার শরিফুল ইসলাম ও মাহিনুর আক্তার স্বর্ণালির সন্তান। এ ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে কুমিল্লার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে ওমরকে নিয়ে কালিয়াজুরি টিকাকেন্দ্রে যান তার মা। টিকা দেওয়া শেষে বাড়ি ফেরার জন্য তাঁরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। চালকের বেপরোয়া গতি দেখে অটোরিকশা থেকে নেমে যেতে চেয়েছিলেন ওমরের মা শাহিনুর আক্তার স্বর্ণালি। তবে ধীরস্থিরভাবে গাড়ি চালানোর শর্তে তিনি অটোরিকশায় ওঠেন।
কিন্তু চালক এরপরও অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে থাকেন। একপর্যায়ে দ্রুতগতির অটোরিকশাটি হঠাৎ ব্রেক করলে স্বর্ণালি গাড়ির ভেতরে থাকা স্টিলের পাইপে আঘাত পান। একই সময় তাঁর কোলে থাকা ওমরের মাথাও পাইপে আঘাত লাগে। এতে শিশুটির মাথার ওপরের অংশের হাড় ভেঙে যায় এবং ভাঙা হাড় মস্তিষ্কে আঘাত করে।
দিনভর কুমিল্লার দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় ওমরকে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ মামুন বলেন, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অটোরিকশাটি জব্দ করেছেন। এ বিষয়ে থানায় ফোন করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
এর আগে চলতি বছর কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার পূবালী চত্বর, নিউমার্কেট এলাকা, ঠাকুরপাড়া ও রেসকোর্সে অটোরিকশার চাপায় চারজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদকের নাম 























