পদ্মা-যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে টানা আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
কুয়াশার কারণে এ সময় নৌরুটের মাঝনদীতে দুটি এবং দৌলতদিয়া ঘাটে চারটি ফেরি যানবাহনসহ আটকা পড়ে। দীর্ঘ সময় ফেরিগুলো আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনের চালকেরা।
সোমবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে আটকে থাকা ফেরিগুলোর চলাচল শুরু হয়।
এর আগে রোববার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ঘন কুয়াশায় নদীপথের নৌচ্যানেলে স্থাপিত বিকন বাতি ও বয়া দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় দৌলতদিয়া প্রান্তে যানবাহনসহ চারটি ফেরি আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের এজিএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শীত মৌসুমে রাতে প্রায়ই ঘন কুয়াশা পড়ে। এ কারণে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে নিরাপত্তার স্বার্থে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখতে হয়।
প্রতিবেদকের নাম 
























