
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, কোরবানির ঈদের পর সারাদেশে হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু করা হবে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এক যুগপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মাসিক চাহিদা অনুযায়ী সিরিঞ্জের কিছুটা ঘাটতি রয়েছে, তবে আগামী কয়েক দিনের মধ্যেই এই সমস্যা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, সারাদেশে বর্তমানে ঘরে ঘরে গিয়ে টিকাদান কার্যক্রম চলছে। পাশাপাশি বিভাগীয় শহরগুলোর হাসপাতালগুলো ধাপে ধাপে উন্নয়ন করা হচ্ছে এবং মেডিকেল কলেজগুলোতে পর্যাপ্ত আসন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে ৩৯৮ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে।
সরকারের চলমান জরুরি টিকাদান কর্মসূচির প্রথম ধাপ ইতোমধ্যে ১৮ জেলার ৩০ উপজেলায় সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ওই এলাকাগুলোতে রোগীর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। সারাদেশে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার শিশু হাম-রুবেলা টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৬ শতাংশ।
প্রতিবেদকের নাম 




















