মো. নূরুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের আন্তরিক ও কার্যকর ভূমিকা অপরিহার্য। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা দায়িত্বশীলভাবে কাজ করলেই কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
বৃহস্পতিবার (১৪ মে) বরগুনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মো. অলি উল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।
চিফ হুইপ বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি জবাবদিহিমূলক ব্যবস্থা থাকা জরুরি। তিনি উদাহরণ দিয়ে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের প্রশাসনিক কাঠামোর কথা উল্লেখ করে বলেন, সমন্বিত ও ধারাবাহিক প্রশাসনিক কার্যক্রম থাকলে উন্নয়ন দ্রুত হয়।
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় বা বিশেষ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা প্রয়োজন। এ অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল, বায়ুবিদ্যুৎ, পর্যটন, গভীর সমুদ্রবন্দর, মৎস্য, গ্যাস-তেল অনুসন্ধান এবং জাহাজ নির্মাণ শিল্পে বিপুল সম্ভাবনা রয়েছে।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, যে কোনো মূল্যে মাদক প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে চোরাচালান রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।
এছাড়া তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন।
সভায় বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার সভাপতিত্ব করেন এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি 




















