
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি বা ৬৪৩ ভরি ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমন টার্মিনালের ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।
এরপর এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানায়, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে জুয়েল, শাওন ও দেশীয় অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের নাম 

























