জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন, বর্তমানে বিএনপি এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে বাধা দিচ্ছে, তা ‘ব্রেইনলেস আওয়ামী লীগের’ আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তার ভাষায়, “বিএনপি যেভাবে আমাদের বাধা দেওয়ার, প্রতিরোধ করার ও গলা টিপে ধরার চেষ্টা করছে, এটা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো।”
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জে এনসিপির নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপিকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করা হলেও প্রকৃতপক্ষে ‘ছিনতাই হয়েছে বিএনপি ও তারেক রহমানের মান-সম্মানের’।
তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এমন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদেরই জনসম্মুখে হাস্যকর অবস্থায় ফেলেছেন। তাদের এই পদক্ষেপকে তিনি ‘বুদ্ধিবৃত্তিক দুর্বলতার’ পরিচয় হিসেবে উল্লেখ করেন।
সারজিস আলমের ভাষ্য, “আওয়ামী লীগের যতটুকু রাজনৈতিক বোধ ছিল, বিএনপি এখন সেটুকুও দেখাতে পারছে না।” তিনি আরও বলেন, যে ব্যক্তি মামলাটি লিখেছেন বা গ্রহণ করেছেন, তিনিও হয়তো ভেতরে ভেতরে এ ঘটনায় বিরক্ত ছিলেন।
এর আগে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলমসহ ১০ জন নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করা হয়। একই ঘটনায় এনসিপির পক্ষ থেকেও ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদকের নাম 





















