নিরাপত্তার স্বার্থে রাতে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আদালত প্রশাসন। এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকারীদের সঙ্গে অবশ্যই পরিচয়পত্র রাখতে হবে।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান ও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।
বিচারপতি, আইনজীবী এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি নজরে এসেছে, যা নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। তাই রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে প্রশাসন।
প্রতিবেদকের নাম 























