ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ সরবরাহ কমিয়ে বাংলাদেশে সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তার দাবি, বিদ্যুৎ সরবরাহ নিয়ে আদানি বাংলাদেশের সঙ্গে ‘খেলা করছে’।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতের আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে। সরবরাহ কমিয়ে সংকট তৈরির চেষ্টা করছে। একদিন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিলেও পরদিন তা কমিয়ে ৫০ মেগাওয়াট দেওয়া হচ্ছে।’
দেশের চলমান গ্যাস সংকট নিয়েও কথা বলেন মন্ত্রী। এ জন্য তিনি আগের সরকারের সমালোচনা করে বলেন, অতীতে নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ যথেষ্ট নেওয়া হয়নি। তবে বর্তমান সরকার দ্রুত নতুন গ্যাসকূপ খননের কাজ শুরু করেছে।
গ্যাসের অভাবে ডিজেল ও কয়লাচালিত নয়টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি। এসব বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে উচ্চমূল্যে এলপিজি কেনা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নয় থেকে ১০টি বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ
স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মন্ত্রী বলেন, অতীতে ঠিকাদাররা বিভিন্ন পর্যায়ে টাকা দিয়ে কাজ আদায় করতেন। চিকিৎসক ও নার্সদের বদলি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেও ঘুষ লেনদেনের অভিযোগ ছিল।
তিনি বলেন, ‘টোটাল সিনারি ওয়াজ ফুল অফ করাপশন। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে; আমরা বেরিয়ে আসছি, ইনশাল্লাহ।’
দেশে দুর্নীতি বন্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি, গত ১৭ বছরে দুর্নীতি সমাজে শক্তভাবে জায়গা করে নিয়েছে। তবে সাম্প্রতিক নির্বাচনে আগের মতো অর্থের লেনদেন হয়নি বলেও তিনি দাবি করেন।
মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান
মাদককে সমাজের ‘বিষফোঁড়া’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। মাদক ও ইয়াবার পাশাপাশি অনলাইন জুয়াও বন্ধ করতে হবে।
মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয়, পরিবারকেও কাউন্সেলিংয়ের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি। সন্ধ্যার পর সন্তানরা যেন অপ্রয়োজনে বাইরে না থাকে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন করতে কর্মকর্তাদের বাড়ি বাড়ি যাওয়ার আহ্বান জানান।
কোনো বাড়ি বা বাড়ির আশপাশে মাদক সেবনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের প্রতি নির্দেশ দেন তিনি।
ধর্ষণসহ গুরুতর অপরাধের ক্ষেত্রেও পুলিশ ও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যসেবায় জনবল সংকটের কথাও বললেন মন্ত্রী
দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা তুলে ধরে মন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসক ও নার্সের সংখ্যা এখনও অপর্যাপ্ত। এর সঙ্গে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যসেবায় নানা সংকট তৈরি হয়েছে।
ফরিদপুর ও বরিশালে দুটি এমআরআই মেশিন পড়ে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি মেশিন প্রায় ১৮ কোটি টাকা করে ব্যয়ে কেনা হলেও প্রয়োজনীয় জনবল ও টেকনিশিয়ান না থাকায় সেগুলো কাজে লাগানো যাচ্ছে না।
বিপুল অর্থ ব্যয়ে কেনা বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের অনেকগুলো ব্যবহার না হওয়ায় বর্তমানে অকেজো হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে গত ছয় মাসে জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি বাড়াতে সফলতা এসেছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তার ভাষ্য, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি বেড়েছে এবং রোগীরা সেবার মান উন্নত হওয়ার কথা জানাচ্ছেন।
দেশের উন্নয়নে দুর্নীতি, মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চিকিৎসাসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সরকারি কর্মকর্তাদের শুধু অফিসে বসে না থেকে মাঠপর্যায়ে গিয়ে জনগণের সমস্যা পর্যবেক্ষণের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। সিভিল সার্জন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মাঠে কাজ করার নির্দেশ দেন তিনি।
সভায় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 






















