ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতির কারণে অন্তত ২৬টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে আশুলিয়ার ১৫টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, বিক্ষোভের একপর্যায়ে কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, পরিস্থিতি সামাল দিতে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকায় এখন পর্যন্ত ২৬টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কারখানার সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।
প্রতিবেদকের নাম 




















