স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে তার জামিন আবেদন খারিজের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
আসামিপক্ষের আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিনের আবেদন জানান। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে জাহের আলভীকে কারাগারে পাঠানো হয়। এরও আগে ১৮ জুন আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২১ জুন তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্য ও বাসার মালিক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয়। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান।
প্রতিবেদকের নাম 




















