ইত্তেফাক ডিজিটাল ডেস্ক : ইরানের মজুত করা সব সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো আন্তর্জাতিক তত্ত্বাবধানে তা ধ্বংস করতে হবে বলে দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump।
সোমবার (২৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কড়া অবস্থানের কথা জানান।
পোস্টে তিনি বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা ‘পারমাণবিক ধূলিকণা’ অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, যাতে তা নিরাপদভাবে ধ্বংস করা যায়। অন্যথায় ইরান সরকারের সঙ্গে সমন্বয় করে বর্তমান অবস্থানেই অথবা অন্য কোনো গ্রহণযোগ্য স্থানে আন্তর্জাতিক তত্ত্বাবধানে এটি সম্পূর্ণ ধ্বংস করতে হবে।
ট্রাম্প আরও জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় সম্পন্ন করার কথাও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ‘অ্যাটমিক এনার্জি কমিশন’ বা সমমানের কোনো আন্তর্জাতিক সংস্থার উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের উদ্বেগ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















