ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সামরিক অভিযান আরও বিস্তৃত করার একটি সম্ভাব্য বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী মোতায়েনের বিষয়টি আলোচনায় এসেছে। তবে এমন সিদ্ধান্ত নিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে সরে আসবেন বলে বিশ্লেষণ করেছে সিএনএন।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখল কিংবা দেশটির উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নেওয়ার মতো সামরিক বিকল্প নিয়েও আলোচনা রয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি স্থলযুদ্ধে জড়াতে হতে পারে।
বিশ্লেষকদের মতে, ইরানে স্থলবাহিনী পাঠানো হলে ট্রাম্পের রাজনৈতিক ভিত্তি হিসেবে পরিচিত ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) সমর্থকদের কাছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার ভঙ্গ হবে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় পেনসিলভানিয়ার এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, তিনি মার্কিন নাগরিকদের এমন ‘অযথা বিদেশি যুদ্ধে’ পাঠাবেন না, যার কোনো শেষ নেই।
অন্যদিকে, বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত রাখার পথও ট্রাম্পের সামনে রয়েছে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ধারা অব্যাহত থাকতে পারে। এতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা ঝুঁকি বাড়ার পাশাপাশি বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিও অস্থিতিশীল থেকে যেতে পারে।
সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, এমন পরিস্থিতি দীর্ঘমেয়াদে সেই ‘চিরস্থায়ী যুদ্ধ’-এর রূপ নিতে পারে, যার সমালোচনা ট্রাম্প দীর্ঘদিন ধরে করে আসছেন।
তবে যুদ্ধের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে সম্প্রতি এক ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ‘জয় নিশ্চিত করা’। তিনি বলেন, ইরানের ওপর কঠোর চাপ অব্যাহত থাকবে এবং একসময় তেহরান আলোচনায় বসতে বাধ্য হবে।
এ অবস্থায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করা, স্থলবাহিনী মোতায়েন করা অথবা নতুন কূটনৈতিক সমঝোতার পথে এগোনো—কোন পথ বেছে নেবেন ট্রাম্প, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।
প্রতিবেদকের নাম 




















