বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নামের বানান সংশোধন এবং বাংলা সনদ ইংরেজিকরণ ছাড়া জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে না বলে জানিয়েছে অধিদপ্তর।
রোববার (১২ জুলাই) উপ-পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জন্মতারিখ সংশোধনের আবেদন অধিদপ্তরে জমা পড়ছে। তবে আবেদনগুলো যাচাই করে দেখা গেছে, অনেকের দাখিল/এসএসসি সনদ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-তে নামের বানানে মিল নেই।
এছাড়া অনেক আবেদনকারীর দাখিল বা এসএসসি সনদে নামের বানান ভুল রয়েছে এবং অনেকের সনদ এখনো বাংলা ভাষায়, যা আবেদন নিষ্পত্তিতে জটিলতা তৈরি করছে।
অধিদপ্তর জানিয়েছে, এসব অসঙ্গতির কারণে জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা যাচ্ছে না। তাই আবেদনকারীদের প্রথমে এনআইডি ও দাখিল/এসএসসি সনদে থাকা নামের বানান সংশোধন করতে হবে। পাশাপাশি বাংলা সনদ ইংরেজিতে রূপান্তর করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নতুন করে আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের দ্রুত প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করে পুনরায় আবেদন করার আহ্বান জানিয়েছে।
প্রতিবেদকের নাম 




















