জ্বালানি খাতে আন্তর্জাতিক জোট ওপেক (OPEC) থেকে বেরিয়ে আসার পর খনিজ তেল উৎপাদনে সর্বকালের নতুন রেকর্ড গড়েছে সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের নেতৃত্বাধীন উৎপাদন নীতির সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে দেশটি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জুন মাসে আমিরাতের দৈনিক তেল উৎপাদন বেড়ে ৪১ লাখ ব্যারেলে পৌঁছেছে। এর আগে ২০১৫ সালে দেশটির দৈনিক গড় উৎপাদন ছিল ৩৫ লাখ ব্যারেল এবং ২০২০ সালে সর্বোচ্চ উৎপাদন ছিল ৪০ লাখ ব্যারেল।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই আবুধাবি মনে করে আসছিল যে সৌদি নেতৃত্বাধীন ওপেকের উৎপাদন নীতি তাদের সক্ষমতার পূর্ণ ব্যবহার করতে দিচ্ছে না। উৎপাদন অবকাঠামোয় বড় বিনিয়োগ করলেও বাজারে মূল্য স্থিতিশীল রাখার যুক্তিতে উৎপাদন বাড়ানোর সুযোগ সীমিত ছিল।
এ অবস্থায় ইয়েমেন, সুদান ও ইসরাইল ইস্যুতে সৌদি আরবের সঙ্গে নীতিগত দূরত্ব তৈরি হওয়ার পর গত মে মাসে ওপেক ছাড়ার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। দেশটির এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন, যারা আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগ্রহী।
বিশ্ববাজারে যুদ্ধ ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যেও আমিরাত তেল রপ্তানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে দেশটির ফুজিরাহ বন্দরে সংযুক্ত বিকল্প পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা সরাসরি ওমান উপসাগরের সঙ্গে যুক্ত।
তবে নিরাপত্তা ঝুঁকির কারণে বিকল্প কৌশলও নিয়েছে আবুধাবি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি কমাতে দেশটি কূটনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে সামুদ্রিক গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, ট্রান্সপন্ডার বন্ধ রাখা ‘ডার্ক ভেসেল’ ব্যবহার করেও কিছু তেল পরিবহন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আইএইএ সতর্ক করে জানিয়েছে, অপরিশোধিত তেলের সরবরাহ বাড়লেও ডিজেল, এলপিজি ও জেট ফুয়েলের মতো পরিশোধিত জ্বালানি পণ্যের বৈশ্বিক সরবরাহ এখনো যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় অনেক কম। ফলে বিশেষ করে এশিয়ার দেশগুলোকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে।
তবুও নিজস্ব বিশাল ট্যাংকার বহর, বিকল্প রপ্তানি রুট এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে তুলছে সংযুক্ত আরব আমিরাত।
সূত্র: মিডল ইস্ট আই।
প্রতিবেদকের নাম 























