কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ছয় পর্যটকের একজন নাসরিন আক্তার মুক্তা (২৯)। তিনি ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী। বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়ে শনিবার (১৭ অক্টোবর) সকালে অগ্নিকাণ্ডে প্রাণ হারান তিনি।
নাসরিনের স্বামী দেওয়ান ফয়সাল জানান, তাঁর স্ত্রী ও বান্ধবীরা ছোটবেলার বন্ধু। তাঁরা একসঙ্গে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার তাঁরা কক্সবাজারে বেড়াতে যান। রোববার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই স্ত্রীর মৃত্যুর খবর পান তিনি। স্ত্রীর মরদেহ আনতে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন দেওয়ান ফয়সাল।
নাসরিন আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁর বাবার নাম মোস্তফা কামাল।
ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি বাদল হোসেন জানান, নাসরিনসহ তিন বান্ধবী ওই রিসোর্টে উঠেছিলেন। শনিবার সকালে নাসরিনের দুই বান্ধবী কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসেন। এ সময় কক্ষে থাকা নাসরিন আগুন লাগার পর আটকা পড়েন। পরে অগ্নিকাণ্ডে তাঁর মৃত্যু হয়।
শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 




















