উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১৯ মে) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. জাহিদ হোসেন (৩৮), নুর সেহেরা (১৮) ও আব্দুল হামিদ (৩২)।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাম্বাশিয়া ক্যাম্পে ইয়াবা কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. জাহিদ হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যেখানে ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন লোড ছিল। তার কাছ থেকে আরও দুইটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়া তার ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে নুর সেহেরা (১৮) থেকে ২ হাজার পিস এবং আব্দুল হামিদ (৩২) থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 

























