কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগলেও সেখানে অবস্থানরত তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন একটি গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পাওয়ার পর নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে পর্যটকেরা নিরাপদে রয়েছেন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ রিসোর্ট’ নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার এক সপ্তাহের মধ্যেই কক্সবাজারের আরেকটি পর্যটন আবাসনে আগুন লাগার ঘটনা ঘটল।
প্রতিবেদকের নাম 























