ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জন্মদিন আজ শনিবার (২৪ অক্টোবর)। বিশেষ এই দিনটির সূচনা করেছেন দুই সন্তান ছেলে পুণ্য ও মেয়ে প্রিয়মকে সঙ্গে নিয়ে ঘরোয়া পরিবেশে। সন্তানদের ভালোবাসা আর আনন্দঘন মুহূর্তে জন্মদিন উদযাপনের সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটার একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে লাল রঙের গাউন পরা অভিনেত্রীকে হাসিমুখে কেক কাটতে দেখা যায়। কেকের ওপর জ্বলছিল মোমবাতি। এ সময় তার পাশে ছিল দুই সন্তান পুণ্য ও প্রিয়ম।
কেক কাটার মুহূর্তে মাকে ভালোবাসায় জড়িয়ে ধরে ও চুমু দিয়ে আনন্দ প্রকাশ করে দুই সন্তান। পরিবারের এমন মধুর মুহূর্তে পরীমনির জন্মদিন উদযাপনের দৃশ্য নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।
ভিডিওটির ক্যাপশনে লাল হৃদয় ও ফুলের ইমোজি দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যের ঘরে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে পরীমনি বর্তমানে দুই সন্তানকে ঘিরেই নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন। এবারের জন্মদিনেও সন্তানদের সঙ্গে কাটানো সময়কে প্রাধান্য দিয়েছেন তিনি।
এর আগে দেশ-বিদেশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। তবে এবার বড় আয়োজনের বদলে ঘরোয়া পরিবেশে সন্তানদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে জন্মদিনের সূচনা করলেন পরীমনি।
প্রতিবেদকের নাম 

























