চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত ১১৩ সদস্যবিশিষ্ট কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ অংশে এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়, হামলা-মামলা ও নির্যাতনের শিকার ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সদ্য ঘোষিত কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হয়নি। ফলে প্রকৃত কর্মীরা বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তারা।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নতুন কমিটি বাতিল করে ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে পুনর্গঠনের দাবি জানান। কর্মসূচিতে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি হান্নান তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে হান্নান তালুকদার বলেন, “দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিতভাবে কাজ করা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। আমরা এ কমিটি প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে তা বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। পরে সংশ্লিষ্ট মহলে তাদের দাবির বিষয়টি উপস্থাপনের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তাদের দাবির বিষয়টি সংশ্লিষ্টদের কাছে উপস্থাপনের আশ্বাস দেওয়া হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী জানান, পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 




















