
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাতুল শেখ (২২) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টার দিকে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন যুবকের সঙ্গে থাকা অবস্থায় দুর্বৃত্তরা সেখানে এসে রাতুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার ডান পায়ের উরুতে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, আহত রাতুল হরিণটানা এলাকার শের আলীর ছেলে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার কারণ সম্পর্কে এখনো তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ কোন্দল থেকেই এ ঘটনা ঘটতে পারে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগেও গত ২৮ জুন খুলনায় চাঁদা না দেওয়ায় এক ভাঙাড়ি ব্যবসায়ীকে গুলি করার ঘটনা ঘটে। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও গুলিবর্ষণের ঘটনায় নগরীতে চাঞ্চল্য ও উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতিবেদকের নাম 




















